ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে পারলেই আবারো শীর্ষে উঠতে পারতো লেস্টার সিটি। কিন্তু দুই চমক জাগানো স্ট্রাইকার ভার্দি ও মাহরেজ এর টানা দ্বিতীয় ম্যাচে গোল করতে না পারায় মঙ্গলবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
সপ্তদশ মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পেয়েছিল সিটি। তবে কেভিন ডি ব্রুইনের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লেস্টারের গোলরক্ষক কাসপের স্মাইকেল। ১০ মিনিট বাদে অতিথিদের আবারও হতাশ করেন ডেনমার্কের এই গোলরক্ষক। এর খানিক আগেই আচমকা শটে লেস্টারকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন রিয়াদ মাহরেজ। কিন্তু একটুর জন্যে বল লক্ষ্যভ্রষ্ট হয়।
৪১তম মিনিটে এ পর্যন্ত সবচেয়ে সহজ সুযোগটি পায় লেস্টার। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোর ভুলে সিটির ডি বক্সে ফাঁকায় বল পেয়ে যান এখন পর্যন্ত লিগে এভারটনের রোমেলু লুকাকুর সঙ্গে সর্বোচ্চ ১৫ গোল করা জেমি ভার্ডি। কিন্তু হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এই ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময়ও বল দখলে ছিল সিটির, আক্রমণেও এগিয়ে ছিল তারা। কিন্তু লেস্টারের জমাট রক্ষণে সাফল্য অধরাই থেকে যায়। পাল্টা আক্রমণে স্বাগতিকরাও সুবিধা করতে না পারায় স্কোরলাইন গোলশূন্যই রয়ে যায়।
এই ড্রয়ের পর ১৯ ম্যাচে লেস্টারের পয়েন্ট হলো ৩৯। আর্সেনালের পয়েন্টও সমান ৩৯, তবে গোল ব্যবধানে এগিয়ে তারা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ২৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। আর গতবারের চ্যাম্পিয়ন চেলসি ২০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে। গোল.কম।
