এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিমানবাহী রণতরী বানানোর কাজে হাত দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন ঘোষণাই দিয়েছে। এটি হবে চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী।
৫০ হাজার টন ওজনের এই জাহাজটি দালিয়ার বন্দরে বানানো হচ্ছে। এটি পারমাণবিক শক্তিচালিত হবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিজেল ইঞ্জিনে চলবে এই রণতরীটি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি একটি জাহাজ সংস্কার করে চীন প্রথম বিমানবাহী রণতরী তৈরি করেছিল। এই জাহাজটি ২৫ বছরেরও বেশি সময় আগে সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইয়ুজুন বলেন, ‘নতুন বিমানবাহী রণতরীটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি অনুসারে বানানো হচ্ছে’। তিনি আরো বলেন, ‘এর নকশা এবং নির্মাণ কাজে প্রথম রণতরীর অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে।’ সূত্র: বিবিসি
