‘সাড়ে ৩ হাজার ভোট কেন্দ্রে কারচুপির ক্ষমতা কারো নাই’

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২০:৪০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পৌর নির্বাচনে কারচুপি হয়নি। একসঙ্গে সাড়ে তিন হাজার ভোট কেন্দ্রে কারচুপি করার ক্ষমতা কারো নাই।’
 
শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা হল ময়দানে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক এসএম নুরুন্নবীর মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘ভোটের ব্যবধানই বলে দেয় জনগণ জাতির জনকের কন্যাকে আকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তাই জনগণের দেয়া এই সমর্থন আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।’
 
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লোকমান হোসেন এতে সভাপতিত্ব করেন।
 
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর এসএম নুরুন্নবী (৮৬) বার্ধক্যজনিত কারণে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।