বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালগুলোর শিক্ষকদের ফোরাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি ডাকলেও কর্মসূচি শুরু করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছিল এই বিশ্ববিদ্যালয়। কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি।
কর্মবিরতি চলার মধ্যেই শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় পূর্বনির্ধারিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর জানিয়েছেন।
তিনি বলেন, “সোমবার থেকে আগামী সপ্তাহের রবিবার পর্যন্ত কর্মবিরতির আওতা থেকে পূর্বনিধারিত পরীক্ষাগুলো বাদ দেয়া হয়েছে। এ সময়ে আমরা ক্লাস বা প্রশাসনিক কাজ না করলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো চলবে।
৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর মোর্চা শিক্ষক সমিতি ফেডারেশন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়।
