মতিঝিল ও গুলিস্তানে বাসচাপায় নিহত ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৮:৪২
 
রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে সোমবার বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে বেলা পৌনে একটার দিকে মতিঝিলের  শাপলা চত্বর এলাকায় গৃহবধূ মার্শেদা কবীর (৫২) এবং প্রায় একই সময় গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ (৬০) নামের অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
মতিঝিল থানা পুলিশ জানায়, মোর্শেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী। তারা মতিঝিলের দক্ষিণ কমলাপুরের ৬/২ নম্বর বাসায় ভাড়া থাকেন। বেলা পৌনে একটার দিকে মতিঝিলের শাপলা চত্ত্বর মোড়ের রাস্তা পার হতে গেলে এটিসিএল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ঘটনায় বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

এদিকে, গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ব্যাপারে শাহবাগ থানা পুলিশ জানায়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ জিরো পয়েন্টের মোড় পার হতে গেলে বিএন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।