আর যেন ক্ষমা চাইতে না হয়: সালাহউদ্দিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০৮:৩৯
সাফে ব্যর্থতার পর গতকাল থেকে জাতীয় দলের অনুশীলন আবার শুরু হয়েছে। দুপুরে অনুশীলন করে বিকালের ফ্লাইট ধরে সন্ধ্যায় যশোর পৌঁছায় ফুটবল দল। বিকালে ফেডারেশন থেকে রওনা দেয়ার আগে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জাতীয় দলের খেলোয়াড়দের সাথে কথা বলেন। 
 
যেখানে বাফুফের অন্যান্য কর্মকর্তাও ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে বাফুফে সভাপতি খেলোয়াড়দের জানিয়েছেন সাফে যা পারফরম্যান্স ছিল তা দেশের ফুটবল দর্শক দেখেছে। কি হয়েছিল কি হয়নি তা নিয়ে কোনো প্রশ্ন করতে চায় না দর্শক। তারা চায় সাফল্য। দেশের মানুষ যদি সাফল্য না পায় তাহলে সমালোচনা উঠবেই। দেশের মানুষের কাছে আর যেন ক্ষমা চাইতে না হয় বাফুফে সভাপতি সেটাই জানিয়ে দিয়েছেন খেলোয়াড়দের।
 
ভারতের কেরালায় সাফে গ্রুপ পর্বে আফগানিস্তান এবং মালদ্বীপের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ভুটানের বিরুদ্ধে সান্ত্বনার জয় নিয়ে ফেরা বাংলাদেশ নতুন করে গড়ে ওঠার স্বপ্ন দেখছে। সাফে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে কথা উঠলেও এখন সেটা চাপা দিয়ে রাখতে চায়। তদন্তটা আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ ঘরে মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। এই মুহূর্তে সাফের খেলা নিয়ে তর্ক-বিতর্ক নিয়ে সময় দিতে চায় না বাফুফে। খেলোয়াড়দের সেটা জানিয়ে দেয়া হয়েছে। মন দিতে বলা হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে। বাফুফের কর্মকর্তারা খেলোয়াড়দেরকে সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন বঙ্গবন্ধু কাপ ফুটবলে দেখিয়ে দাও। দর্শক মনে হতাশা দূর করে দিলে দর্শক মন থেকে সাফের কষ্টটা কমে যাবে।
 
বঙ্গবন্ধু কাপ ফুটবলে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচ খেলবে শ্রীলংকার বিরুদ্ধে। শামস উল হুদা স্টেডিয়ামে ৮ জানুয়ারি বিকাল পৌনে তিনটায় ম্যাচ। বাংলাদেশের সাথে রয়েছে মালয়েশিয়া এবং নেপাল।
 
দলের কোচ মারুফুল হক গতকাল দুপুরে বুয়েট মাঠে অনুশীলন শুরু করেন। তিনি এখনও সাফের ব্যর্থতা ভুলতে পারছেন না। খুব বড় করে কিছু বলতেও পারছেন না। অল্প কথায় নিজেদের গ্রুপ প্রসঙ্গে জানালেন তিনটা দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে মালয়েশিয়া কেমন দল নিয়ে আসছে সেটা একটু দেখার ব্যাপার রয়েছে কোচের কাছে। মারুফুল জানিয়েছেন তার প্রথম লক্ষ্য হচ্ছে ফাইনালে ওঠা।
 
সাফে যাওয়ার আগে নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। গ্রুপের শক্তিশালী দল এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মালয়েশিয়া গত আসরে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল নিয়ে এসেছিল। এবার কোন দলটি নিয়ে আসতে তা নিশ্চিত না। জানা গেছে মালয়েশিয়া একাদশ নামে দল আসবে। যেখানে জাতীয় দলের একাধিক ফুটবলার থাকতে পারেন।