রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদানের উপর অগাধ আস্থার কথা জানিয়েছেন ক্লাবটির ফ্লোরেন্তিনো পেরেস। সাবেক এই তারকা ফুটবলারের কাছে অসম্ভব বলে কিছু নেই বলে মনে করেন তিনি।
রাফায়েল বেনিতেসকে সরিয়ে গত সোমবার ক্লাবের সাবেক প্লেমেকার জিদানকে রিয়ালের কোচের দায়িত্ব দেয়া হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়ালে খেলা জিদানকে দায়িত্ব দেয়ার পর পেরেস বলেন, ‘আমি জানি, তার (জিদান) কাছে অসম্ভব শব্দটির অস্তিত্ব নেই।’
পেরেস বলেন, ‘রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দেয়ার মানে কী আর এই পদ কতটা কঠিন, এটা সে অন্য যে কারো চেয়ে ভালো জানে। সে খেলোয়াড়দের চেনে। দলের দশম ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের সময় সে সহকারী কোচ ছিল।’
পেরেসের বিশ্বাসের মূল্য দিতে উন্মুখ হয়ে আছেন এর আগে রিয়ালের ‘বি’ দলের কোচের দায়িত্বে থাকা জিদান। তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি সমর্থক নিয়ে এটা বিশ্বের সেরা ক্লাব। আমি আমার সেরাটাই দেব, যাতে মৌসুম শেষে ক্লাব শিরোপা পায়। আমি সব খেলোয়াড় নিয়ে কঠোর পরিশ্রম করবো। আশা করি, সবকিছু ঠিকঠাকভাবেই এগোবে।’
