নিউজিল্যান্ডের ভিসা পেলেন আমির

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৪:১০
স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে নিউজিল্যান্ড সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। 
 
২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত ও পরবর্তীতে তার সত্যতা প্রমাণিত হওয়ায় আইসিসি আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কারের পাশাপাশি জেল খাটার আদেশ দেয়। সব কিছুকে পিছনে ফেলে অবশেষে ওয়েলিংটনের ইমিগ্রেশন আমিরের ভিসা প্রদানের সিদ্ধান্ত নিলে দীর্ঘ পাঁচ বছর পরে আবারো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয়েছে এই তরুণ পেসারের।
 
তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ২৩ বছর বয়সী আমির পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড সফরে যাবে। গত সেপ্টেম্বরে আমির পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও তিন বছরের জেলের সাজা ছয় মাস কাটিয়ে মাঠে ফিরেছেন। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ইচ্ছে করে নো বল করার অপরাধে তার বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ উঠেছিল। সূত্রমতে জানা গেছে সব কিছু বিবেচনা করে নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমিরকে ভিসা দেবার সিদ্ধান্ত নিয়েছে। তবে এজন্য পাকিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে তার পক্ষে সমর্থনের বিষয়টি বিবেচিত হয়েছে।
 
নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে আমিরের অন্তর্ভুক্তি নিয়ে খোদ পাকিস্তান দলের কিছু সদস্য ঘোর আপত্তি জানিয়েছিল। তবে আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পুরোটাই নির্ভর করছিল তার নিউজিল্যান্ডের ভিসা পাওয়া বা না পাওয়ার ওপর। ২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমির। আমির ছাড়াও ঐ ঘটনায় অপর দুই খেলোয়াড় তৎকালীন অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফও অভিযুক্ত হয়েছিলেন। ঐ দুজনের বিরুদ্ধে আনীত অভিযোগও প্রমাণিত হওয়ায় তারাও আমিরের সাথে ২০১১ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হবার পাশাপাশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। গত সেপ্টেম্বরে সকলের নিষেধাজ্ঞাদেশ শেষ হলেও আইসিসি’র এন্টি করাপশন কোডের বিশেষ শর্তানুযায়ী আমিরের সাজা কমানো হলে আমিরকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়। 
 
সর্বশেষ টেস্ট খেলার সময় আমিরের বয়স ছিল মাত্র ১৮। এই বয়সে সে পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট, ১৫টি ওয়ানডে ও ১৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আগামী ১৫ জানুয়ারি থেকে অকল্যান্ডে শুরু হওয়া সিরিজে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ও পরে তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিবে। বাসস।