সাত মাসের ব্যবধানে আবারো ভেঙে পড়ল দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী বাজারের বেইলি ব্রিজটি। বুধবার রাত ১২টার দিকে ব্রিজটি ভেঙে পড়লে দুটি পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক মাসুদসহ আহত হয়েছেন দুজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
জানা যায়, দুটি পাথরবোঝাই ট্রাক পঞ্চগড় থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাক দুটি পার্বতীপুরের আমবাড়ী বাজারের মরা যমুনা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে ট্রাক দুটি নদীতে পড়ে যায়। ট্রাকের চালক মাসুদ জানান, পাথরবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজে উঠলে পার না হতেই পেছনে থাকা অপর ট্রাকটি ব্রিজে ওঠে। এ সময় ব্রিজটি ভেঙে পড়ে।
উল্লেখ্য, গত ২৮ মে একটি নাইট কোচ, তিনটি ট্রাক ও একটি ট্রাক্টরসহ ওই বেইলি ব্রিজটি ভেঙে পড়েছিল। সে সময় ৮-১০ যাত্রী আহত হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম জানান, দুটি ট্রাকে ৮০ টনের মতো নুড়িপাথর থাকায় ব্রিজটি ভেঙে পড়ে। দুজন সামান্য আহত হয়েছেন বলে তিনি জানান।
