স্মার্টফোনের বাজারে আসছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান পোলারয়েড। লাস ভেগাসে চলা প্রযুক্তি পণ্যের আসর 'সিইএস ২০১৬'তে আমেরিকান এই কোম্পানি দুটি স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির 'পাওয়ার' ও 'স্ন্যাপ' নামের এই দুই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ ব্যবহার করা হয়েছে। তবে ডিভাইস দুটিতে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো হালনাগাদ করা যাবে।
সিইএস -এ সংশ্লিষ্টরা জানিয়েছে, পাওয়ার নামের স্মার্টফোনটি ২০১৬ সালের বসন্তকালে বাজারে আসবে। আর স্ন্যাপ নামের ফোনটি আসবে ফেব্রুয়ারিতে।
পোলারয়েড জানিয়েছে, স্ন্যাপ ৫, ৫.৫ ও ৬ ইঞ্চির তিনটি ডিসপ্লে সংস্করণে বাজারে আসবে।
পোলারয়েডের অনুমোদিত প্রতিষ্ঠান সাউদার্ন টেলিকম স্মার্টফোন দুটি তৈরি করবে। এর মধ্যে পাওয়ার স্মার্টফোনে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এতে প্রসেসর হিসেবে থাকবে অক্টা-কোর। ৩ গিগাবাইট র্যামের এই ফোনে ৩২ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ থাকবে।
ডিভাইসটিতে ছবি তোলা ও ভিডিও করার জন্য এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। ফোরজি এলটিই সমর্থিত স্মার্টফোনটির সাথে আরও থাকবে ৮ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের একটি পাওয়ার ব্যাংক।
অন্যদিকে, স্ন্যাপ ৫, ৫.৫ ও ৬ ইঞ্চির তিনটি ডিসপ্লে সংস্করণে বাজারে আসবে। ডিসপ্লে ছাড়া মডেল তিনটিতে আর বিশেষ কোনো পার্থক্য নেই। মডেল তিনটিতে ৭২০*১২৮০ পিক্সেল রেজ্যুলেশন ও কোয়াড-কোর প্রসেসর থাকবে।
সংস্করণ তিনটিতে ছবি তোলা ও ভিডিও করার জন্য এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ডিভাইস তিনটির ব্যাপারে আর কিছু জানায়নি পোলারয়েড কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, ১ ও ২ গিগাবাইট রামের এই ফোনে ৮ ও ১৬ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজে বাজারে আসতে পারে, যাতে মাইক্রোএসডি কার্ড দিয়ে মেমোরি বাড়ানোর সুবিধা থাকবে। এনডিটিভি।
