আসছে ওয়েস্ট ইন্ডিজ যুব দল, প্রস্তুতির সুযোগ দেখছে বাংলাদেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২২:০৬
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আজ সকাল সাড়ে দশটায় ঢাকায় আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যুব ক্রিকেট দলের। বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে উভয় দল তিনটি এক দিনের ম্যাচ খেলবে।
 
১১ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দিন চট্টগ্রামে চলে যাবে উভয় দল। ১৪ ও ১৬ জানুয়ারী সিরিজের শেষ ম্যাচ দুইটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে এমন সিরজ হওয়ায় ক্রিকেটারদের প্রস্তুতির জন্য ভালো হয়েছে জানিয়ে গতকাল বাংলাদেশ যুব দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, 'বিশ্বকাপের আগে এমন একটা সিরিজ আয়োজন করাতে ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে। এর মাধ্যমে ক্রিকেটাররা নিজেদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারবে। এর আগে আমরা যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাদশের বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। কিন্তু বিদেশী দলের বিপক্ষে খেললে ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরো  বেশি চাঙ্গা হবে।'
 
দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কোচ বলেন, 'দলের সবাই ভালো আছে, কোন ধরনের ইনজুরি নেই। আশা করছি ভালো ভাবে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে পারবো।'
 
বড় টূর্নামেন্টের আগে এমন সিরিজে কিছু নেতিবাচক প্রভাবের ভয় থাকে। তবে যুব দল কোচ বলছেন, 'এই সিরিজটা আমাদের জন্য অবশ্যই পজেটিভ দিক। এখানে নেগেটিভ কোন কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নেই। শুধু সিরিজ নয়, অনুশীনের সময়ও ইনজুরি হতে পারে। সেটা চিন্তা করে  আমরা কি, তাহলে অনুশীলন করা থেকে বিরত থাকব! এটা নিয়ে চিন্তা করে  কোন লাভ নেই। ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এই সিরিজটা অনেক কাজে দিবে। বিশ্বকাপের আগে এমন একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা আমাদের আগ থেকেই ছিলো।'
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলে চট্টগ্রামেই থেকে যাবে যুব দল এমনটি জানিয়ে যুবাদের এই কোচ বলেন, 'সিরিজ শেষ হলে আমরা চট্টগ্রামেই থেকে যাব। সেখানে বিশ্বকাপের আগ পর্যন্ত অনুশীলন ক্যাম্প হবে।'