'রোনালদোকে বুঝতে হবে যে, সে একজন খেলোয়াড়, কোচ নয়'- এমন মন্তব্য করে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভান্দেরলেই লুক্সেমবুর্গো জানান, ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলোয়াড় সুলভ আচরণের উপর রিয়ালের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের সাফল্য নির্ভর করছে।
খেলোয়াড়ি জীবনে জিদানও এক সময় ড্রেসিং রুমের নেতা ছিলেন। তখন ১১ মাসের ছোট মেয়াদে রিয়ালের কোচ ছিলেন লুক্সেমবুর্গো। সে সময় তিনি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে কাছ থেকে দেখেছিলেন। সে অভিজ্ঞতা থেকেই লুক্সেমবুর্গোর অভিমত, রোনালদোকে বুঝতে হবে যে জিদানের মধ্যে নেতা হওয়ার সব গুণই আছে এবং ফুটবল সম্পর্কে তিনি অনেক জ্ঞান রাখেন।
'ড্রেসিং রুম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলোয়াড়দের দখলে থাকে। তারপর এটা কোচের। ক্রিশ্চিয়ানো রোনালদো যদি ভাবে, সে কোচ; তাহলে এটা কঠিন হবে। তাকে বুঝতে হবে যে, সে একজন খেলোয়াড়, কোচ নয়। কোচ হলেন জিদান।'
অভিজ্ঞ কোচ লুক্সেমবুর্গো মনে করেন, রিয়ালের ডাগআউটে জিদানের সফল হওয়া অনেকটাই নির্ভর করছে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রোনালদোর খেলোয়াড়সুলভ মনোভাবের উপর। এ প্রসঙ্গে বার্সেলোনায় মেসির কথা উল্লেখ করেন লুক্সেমবুর্গো। তিনি বলেন, 'মেসি শুধুই এক খেলোয়াড়। পেপ গার্দিওয়ালার অধীনে সে খেলোয়াড় ছিল এবং বর্তমানে লুইস এনরিকের অধীনেও সে একজন খেলোয়াড়। সে একজন তারকা; কিন্তু খেলোয়াড়। এটাই তার সীমানা।' বিডি নিউজ।
