রাজধানীর মালিবাগে ইসতিয়াক আহম্মেদ (৫২) নামের এক পথচারী ছিনতাইকারীর কবলে পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মালিবাগ রোডের সোহাগ কাউন্টারের সামনে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা।
ইসতিয়াক আহম্মেদ খিলগাঁও চৌরাস্তার ৩৪ নম্বর রোডের ৫২/১ নম্বর বাসায় থাকেন। তার স্ত্রী সালমা বেগম জানান, তার স্বামী বাড্ডার আকু বোর্ড বিল্ডার্স নামের একটি কোম্পানিতে চাকরি করেন। রাতে একটি অনুষ্ঠানে মৌচাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে মালিবাগ সোহাগ কাউন্টারের সামনে আসলে ৩-৪ জন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের সহকারি ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, ইসতিয়াক আহম্মেদকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
