স্মার্টফোন বা পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে মটোরোলা ব্র্যান্ড নামে আর কোনো ডিভাইস আসবে না, এমনই সিদ্ধান্ত নিতে যাচ্ছে লেনোভো। চীনভিত্তিক এই প্রতিষ্ঠান ২০১৪ সালে গুগলের কাছ থেকে মটোরোলাকে অধিগ্রহণ করে। কিন্তু একে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত মুনাফা করতে ব্যর্থ হয়েছে তারা।
এ নিয়ে প্রথমে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেট। ওই প্রতিবেদনে বলা হয়, 'মটোরোলা মবিলিটি'কে লেনোভোর ফোন বিভাগের অধীনে নিয়ে নেয়া হচ্ছে। মটোরোলা ব্র্যান্ড নামে কোনো ডিভাইস না আনার অংশ হিসেবে এটা করছে লেনোভো কর্তৃপক্ষ।
তবে ব্র্যান্ড নাম থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হবে না মটোরোলাকে। লোগোতে মটোরোলা না রেখে শুধু 'এম' রাখা হবে বলেও জানায় সিনেট।
সিনেটের প্রতিবেদনে আরও বলা হয়, একটা সময় মটোরোলা ব্র্যান্ড নামে বাজারে আসা ডিভাইসের বিপুল কাটতি ছিলো। কিন্তু বর্তমানে এই গ্রাহকপ্রিয়তা তলানিতে নেমে গেছে। সম্প্রতি এই ব্র্যান্ড নামে বাজারে আসা কোনো ফোনই লেনোভোর প্রত্যাশা পূরণ করতে পারেনি। আর সেজন্য এই ব্র্যান্ড নামে ডিভাইস বাজারে না আর চিন্তাভাবনা করছে লেনোভো। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
