টিকিট কাউন্টারের সমানে দীর্ঘ লাইন। একটি নয়, তিনটি। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধীরে ধীরে সামনে এগুচ্ছেন। টিকিট পেয়ে হাঁফ ছাড়ছেন। তারপর স্মার্টফোন বা ট্যাবলেট কিনতে আবার সারিবদ্ধভাবে মেলায় প্রবেশ করছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলার দ্বিতীয় দিন শুক্রবার বিকালের দৃশ্য এটি। সকাল থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম থাকলেও শেষ বিকেলে তা রীতিমতো বড়সড় ভিড়ে রূপ নেয়।
টিকিট কেনার দীর্ঘ সারি দেখে দর্শনার্থীদের অনেকেই অবাক হন। শুধু বাইরেই নয়, ভেতরেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। সকাল ১০টায় মেলা দ্বিতীয় দিনের মতো জন্য উন্মুক্ত করা হয়। ছুটির দিন হওয়ায় শুরু থেকে দর্শনার্থী ও ক্রেতাদের ঢল নামতে শুরু করে।
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে চলছে তিন দিনের এই স্মার্টফোন ও ট্যাব মেলা। চলবে শনিবার পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে পঞ্চমবারের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
IMG0
স্মার্টফোন ও ট্যাব মেলায় কিস্তিতে আইফোন ৬এস ও ৬এস প্লাস দিচ্ছে মেলার টাইটেল স্পন্সর গ্রামীণফোন। তাদের স্টার গ্রাহকদের মাসিক ২ হাজার ৫৬৩ টাকা এবং সাধারণ গ্রাহকদের ৫ হাজার ১২৫ টাকা কিস্তিতে আইফোন কেনার সুযোগ দিচ্ছে। বিশেষ এই অফারে গ্রাহকরা অ্যাপলের এক বছর মেয়াদি ওয়ারেন্টি এবং হেভি ডিউটি ননস্টপ ইন্টারনেট প্যাকেজে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন। ৩০ দিন মেয়াদি এই প্যাকেজ পরবর্তী দুই মাসে মোট ৮ বার কেনা যাবে। সাথে রয়েছে বিনামূল্যে ০১৭১১ সিরিজের একটি মোবাইল সংযোগ। গ্রামীণফোনের ওয়াওবক্স ব্যবহারকারীরা তাদের ফোনের অ্যাপটি দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশগ্রহণ করেছে।
মেলার টিকিট এর মূল্য ২০ টাকা। টিকিট থেকে পাওয়া সমুদয় অর্থ ব্লাড ক্যান্সারে আক্রান্ত দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লতিফুল হকের চিকিৎসা, তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। তবে প্রতিবন্ধী এবং পরিচয়পত্র প্রদর্শন করে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
