জার্মানির কোলন শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নতুন বছর উদযাপনের রাতে নারীদের ওপর সন্দেহভাজন অভিবাসীদের যৌন নিপীড়নের ঘটনার জেরে এই বিক্ষোভ হয়।
ডানপন্থী ও ইসলামবিরোধী পেজিডা মুভমেন্টের নেতৃত্বে এই ঘটনার নিন্দা জানাতে এর সমর্থকরা একত্রিত হয়। জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কঠোর সমালোচনার পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয় তারা।
বিক্ষোভকারীরা পানির বোতল ও আতশবাজি নিয়ে পুলিশের ওপর হামলা করে। ঘটনাস্থল থেকে অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে অভিবাসীদের সমর্থক দল এর পাল্টা কর্মসূচি পালন করেছে। পাশাপাশি নারী অধিকার কর্মীরাও র্যালি করেছেন।
বিবিসি জানায়, থার্টি ফার্স্ট নাইটে কোলনে আরব ও উত্তর আফ্রিকার কিছু মানুষ নারীদের যৌন নিপীড়ন করে। এমন ৩৭৯ টি অভিযোগ পেয়েছে জার্মান পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মের্কেলবিরোধীরা উদার শরণার্থী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে।
IMG0
মের্কেলও বলেছেন, অভিযুক্তদের গ্রেফতার করে সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, জার্মানি গত এক বছরে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও দারিদ্র পীড়িত আফ্রিকা থেকে প্রায় আট লাখ শরণার্থী ও অভিবাসী গ্রহণ করেছে।
