মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ান উপদ্বীপে লং রেঞ্জের শক্তিশালী বি-৫২ বোমারু বিমান প্রেরণ করেছে। উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে এই ঘোষণার তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের বরাত দিয়ে দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, রবিবার গুয়ামের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে বি-৫২ বোমারু বিমানটি উড্ডয়ন করে। স্থানীয় সময় দুপুরের মধ্যে দক্ষিণ কোরিয়ার গিয়েনেজি প্রদেশের আকাশসীমায় পৌছায়। এই শক্তিশালী বিমানের সঙ্গে দুটি দক্ষিণ কোরিয়ার এফ-১৫ কে ও দুটি যুক্তরাষ্ট্রের এফ ১৬ দক্ষিণ কোরিয়ার আকাশ পরিভ্রমণ করছে।
বি-৫২ বিমান পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম। দক্ষিণ কোরিয়ায় অবতরণ করলে উত্তর কোরিয়া এটিকে হুমকি হিসেবে বিবেচনা করতে পারে। এর আগে ২০১৩ সালে তৃতীয় বারের মতো পারমাণবিক বোমা পরীক্ষা করার সময়েও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী বিমান বহর পাঠিয়ে ছিল। এপি ও ইয়োনহ্যাপ।
