অবশেষে ঘাটতি কাটিয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে সাতক্ষীরার এক মাত্র ভোমরা স্থলবন্দর। গত নভেম্বর মাসেও যেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি ছিল, ডিসেম্বর মাসে সেই ঘাটতি পূরণের পরও প্রায় ২ দশমিক ৭৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।
বন্দরের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসে ভোমরা বন্দরে ৫৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা রাজস্ব আদায় হয়েছে। যেখানে ডিসেম্বরের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাত্ ডিসেম্বর মাসে ভোমরা স্থল বন্দরে ১০ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১১৯ টাকা।
সূত্রমতে, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ২৬১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। এর বিপরীতে রাজস্ব অর্জিত হয়েছে ২৬৮ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৭৫৯ টাকা।
সূত্র আরো জানায়, এনবিআর ভোমরা বন্দরে ২০১৫-১৬ অর্থবছরের জুলাই মাসে ৩২ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা, আগস্টে ৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৪৮ কোটি টাকা ১৭ লাখ ৫২ হাজার টাকা, অক্টোবরে ৪১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা ও নভেম্বর মাসে ৪৭ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকা ও ডিসেম্বর মাসে ৪৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
এর বিপরীতে জুলাই মাসে ২৬ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, আগস্টে ৩০ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৯০ টাকা, সেপ্টেম্বরে ৫৩ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা, অক্টোবর মাসে ৫৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা, নভেম্বর মাসে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ৩৯৯ টাকা ও ডিসেম্বর মাসে ৫৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা রাজস্ব অর্জিত হয়েছে। প্রথম ছয় মাসে ১০ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১১৯ টাকা বেশি রাজস্ব আয়ে প্রায় ২ দশমিক ৭৩ ভাগ প্রবৃদ্ধি করেছে বন্দরটি।
ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরীফ আল-আমীন জানান, অর্থবছরের প্রথম পাঁচ মাসে কিছুটা ঘাটতি থাকলেও ডিসেম্বরে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বন্দরটি। প্রথম ছয় মাসে রাজস্ব আয়ে ২ দশমিক ৭৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তিনি আশাবাদী এই ধারা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, এনবিআর ২০১৫-১৬ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬০০ কোটি টাকা। এরপিরীতে প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ২৬৮ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৭৫৯ টাকা।
