কর জালিয়াতি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন স্পেনের রাজকুমারী ক্রিস্টিনা। তার স্বামী পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠানকে ব্যবহার করে কয়েক মিলিয়ন ইউরো সরকারি তহবিল তছরুপ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্রিস্টিনাই দেশটির রাজপরিবারের প্রথম সদস্য যিনি কাঠগড়ায় দাঁড়ালেন।
দীর্ঘ তদন্তের পর যে ১৮ জনের বিরুদ্ধে মামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে রাজা ফিলিপের বোন ক্রিস্টিনা তাদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে স্বামী ইনাকি উরদানগারিনের দাতব্য সংস্থাকে কর জালিয়াতিতে ব্যবহার করার অভিযোগ রয়েছে।
স্পেনে অর্থনৈতিক সংকটের সময় রাজপরিবারের ভেতর দুর্নীতির তদন্তের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। সেসময় লাগামছাড়া বেকারত্ব ও বাজেট কাটছাঁটে ক্ষুব্ধ হয়ে ওঠেন লোকজন। দেশটিতে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দুর্নীতি নিয়ে তখন জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছিলো। সূত্র: রয়টার্স
