ফিফার বর্ষসেরা একাদশে রিয়াল-বার্সার আধিপত্য

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ০৯:১৫
ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণার দিনে ফুটবলের বিশ্বসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। যথারীতি এবারের তালিকাতেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা খেলোয়াড়দের আধিপত্য।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে সমান চার জন করে খেলোয়াড় বর্ষসেরা তালিকায় রয়েছেন। আর কোনো ক্লাব থেকেই একাধিক খেলোয়াড়ই নেই! বার্সেলোনা গত মৌসুমে ছয়টি শিরোপায় প্রতিদ্বন্দিতা করে পাঁচটি জিতেছে, তাই তাদের আধিপত্যটা যৌক্তিক। তবে গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারা রিয়াল মাদ্রিদের চারজন থাকাটা বিস্ময়ের সৃষ্টি করেছে। দেশের হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে ব্রাজিলের। চারজন ব্রাজিলিয়ান জায়গা পেয়েছেন একাদশে। 
 
বর্ষসেরা একাদশে গোলরক্ষক হিসেবে আছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ডিফেন্ডার হিসেবে থাকছেন পিএসজির থিয়াগো সিলভা, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস ও মার্সেলো ও বার্সেলোনার দানি আলভেস। মিডফিল্ডার হিসেবে থাকছেন বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা, রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ ও জুভেন্টাসের পল পগবা। ফরোয়ার্ড হিসেবে ব্যালন ডি অরের চূড়ান্ত তালিকার তিনজন- নেইমার, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
 
বিশ্বজুড়ে থাকা ২০ হাজার পেশাদার ফুটবলারের ভোটে এই বর্ষসেরা একাদশ নির্বাচিত হয়ে থাকে। ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এই বর্ষসেরা একাদশ নির্বাচন করে থাকে।