রবি ফাস্ট বোলার অনুসন্ধান

গতি তারকা চায় বাংলাদেশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০৮:৫৯
২০১৫ সালে বাংলাদেশ কেবল ওয়ানডে ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠেছে, তাই নয়। এই বছরে নতুন একটা ‘বাংলাদেশ ব্র্যান্ড’ও দাঁড় করিয়েছে ক্রিকেট দল। তিন-চার স্পিনার নিয়ে খেলতে অভ্যস্ত বাংলাদেশ দল এখন তিন-চার পেসার নিয়ে একাদশ তৈরি করে!
 
পেসারদের এই দারুণ উত্থানে আরো জোয়ার তৈরি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি মিলে শুরু করেছে ফাস্ট বোলার অনুসন্ধান। গতকাল সংবাদ সম্মেলনে জানানো হলো, এই প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতে বল হাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে দেশব্যাপী হাজারো তরুণ-তরুণি অংশ নিয়েছে এ প্রতিযোগিতায়। গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার নাম নিবন্ধন। ১৪ জানুয়ারি পর্যন্ত যা চলবে। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস, ইন্টারনেট লগইন বা রবি ওয়াক-ই-সেন্টারে গিয়ে নাম নিবন্ধনের সুযোগ রয়েছে। ১৭ জানুয়ারি দেশ জুড়ে ১৬টি স্টেডিয়ামে চলবে ফাস্ট বোলার নির্বাচন প্রক্রিয়া।
 
সংবাদ সম্মেলনে রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘গত সোমবার পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফাস্ট বোলারের নাম নিবন্ধন হয়েছে। যার মধ্যে শর্ত অনুযায়ী যোগ্য প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়েছে সাড়ে ৭ হাজার জন। দুই দফায় হবে বাছাই প্রক্রিয়া। ১৭ জানুয়ারি হবে প্রাথমিক নির্বাচন। সেখান থেকে চূড়ান্ত নির্বাচন শেষে ৬৪ জনকে বাছাই করে হাই পারফরম্যান্স ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে।’
 
এদিকে বিসিবি বলছে, তারা কেবল পেসার তৈরি করতে চায় না; চায় সত্যিকারের ফাস্ট বোলার। সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং নিজের খেলোয়াড়ি জীবনে দেশের অন্যতম গতিশীল বোলার জালাল ইউনুস বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে এবার শুধু পেসার নয় সত্যিকারের ফাস্ট বোলার বের করতে চায় বিসিবি। তিনি বলেন, ‘আমাদের এখন পেস বোলিং আক্রমণটা খুব ভালো। অনেক পেসার আছেন। কিন্তু তাদের অনেকেই খুবই ইনজুরি প্রবণ। তাই আরো পেসার প্রয়োজন। আগেও পেসার হান্ট হয়েছিল। এবার আমরা রবির সঙ্গে পেসার হান্ট করছি। এর মাধ্যমে অনেক পেসার উঠে আসবে আশা করি। শুধু পেসার নয় সত্যিকারের ফাস্ট বোলার চাই এখন।’
 
অংশগ্রহণকারীদের শারীরিক যোগ্যতা, ক্রিকেট দক্ষতার (ওজন, উচ্চতা, ভারসাম্য, নি টু ওয়াল টেস্ট) উপর ভিত্তি করে যাচাই করা হবে। বিসিবির বোলিং কোচ সরোয়ার ইমরান, জাকি ও বিসিবি একাডেমির কোচরা অংশগ্রহণকারীদের বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। শীর্ষ ১২ জনকে (১০ জন ছেলে, ২ জন মেয়ে) বিজয়ী ঘোষণা করা হবে। তাদের জাতীয় পর্যায়সহ হাই পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের ম্যানেজার স্টুয়ার্ট কার্পিনেন। প্রতিযোগিতায় অংশ নিতে হলে ছেলে-মেয়ের বয়স কমপক্ষে ১৬ এবং সর্বোচ্চ ২৩ হতে হবে। উচ্চতা ছেলেদের সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি, মেয়েদের সর্বনিম্ন ৫ ফুট হতে হবে।
 
প্রথম পর্বে ১৭ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, সিলেট স্টেডিয়ামে ফাস্ট বোলার হান্ট হবে। এরপর ২০ জানুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কুমিল্লা স্টেডিয়াম, ২৩ জানুয়ারি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও ময়মনসিংহ স্টেডিয়ামে, ২৬ জানুয়ারি ফরিদপুর স্টেডিয়াম ও বরিশালের আব্দুর রব সেরিনিয়াবাদ স্টেডিয়াম, ২৮ জানুয়ারি যশোর স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, ৩১ জানুয়ারি রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও দিনাজপুর স্টেডিয়াম, ৪ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রংপুর ক্রিকেট গার্ডেন, ৭ ফেব্রুয়ারি ঢাকার সিটি ক্লাব ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।