নির্দিষ্ট সময়ের মধ্য হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে উকিল নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গ্যাপেক্সপো-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, নির্দিষ্ট সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেসব ট্যানারি হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্প পার্কে স্থানান্তরে ব্যর্থ হবে তাদের নামে বরাদ্দ করা প্লট কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে উকিল নোটিশ পাঠানো হবে। প্রয়োজনে প্লট বাতিল করা হবে।
তিনি বলেন, এর আগে ট্যানারি মালিকদের একাধিকবার সময় দিয়েছি। কিন্তু তারা তাতে কান দিচ্ছেন না। এবার ৭২ ঘণ্টার আল্টিমেটামের পর তার সময় বাড়ানো হবে না।
অনুষ্ঠাননে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ অন্যান্যরা।
