ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৩:৫২
 
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি-রপ্তানি দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। কারপাস পদ্ধতি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে দ্বন্দ্বের এই কার্যক্রম বন্ধ রয়েছে।
 
ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরিফ আল আমিন জানান, সম্প্রতি ভারতের কাস্টমস বিভাগ সেদেশের বন্দরে কারপাস সিস্টেম চালু করে। এরই পরিপ্রেক্ষিতে ১২ জানুয়ারি থেকে সেদেশের ঘোজাডাঙ্গা বন্দরে কারপাস সিস্টেম চালু করার কথা। কিন্তু অবকাঠামোগত সুবিধা না থাকায় কাস্টমস বিভাগের কাছে আগামী জুন পর্যন্ত সময় চায় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কাস্টমস বিভাগ সময় না দেয়ায় ১২ জানুয়ারি থেকে ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।