পাকিস্তান ক্রিকেট লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে কোন ছাড়পত্র পাননি টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার। এর পিছনে কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেবার বিষয়টি সামনে নিয়ে এসেছে ক্যারিবীয় বোর্ড।
২৪ বছর বয়সী হোল্ডার গত মাসে পিএসএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলতে সম্মতি জানান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়ায় অবশেষে তাকে পিএসএল থেকে সড়ে আসতে হয়েছে বলে ক্যারিবীয়ান গণমাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে। এদিকে নতুন নিয়োগপ্রাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার কার্লো বেকফোর্ড বলেছেন ক্রিকেট বোর্ড শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লীগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলার জন্য খেলোয়াড়দের জন্য সুযোগ উন্মুক্ত রেখেছে। অধিনায়ক যেহেতু বোর্ডের চুক্তিভূক্ত খেলোয়াড় তাই ঘরোয়া প্রতিযোগিতার প্রতি অবশ্যই তার কমিটমেন্ট থাকতে হবে। এটা তার চুক্তির শর্তের মধ্যেই পড়ে।
শুক্রবার ক্যারিবীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত এক বছরের চুক্তিভূক্ত ১৫ খেলোয়াড়ের তালিকায় ওয়ানডে অধিনায়ক হোল্ডারও অন্যতম। গত মাসে ডব্লিউআইসিবি সতর্ক করে দিয়ে বলেছিল চুক্তিভূক্ত খেলোয়াড়রা অবশ্যই ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যাতে করে আন্তর্জাতিক টুর্নামেন্টে নির্বাচনের ব্যাপারে যোগ্য প্রমাণিত হয়। এ প্রসঙ্গে বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল মুইরহেড বলেছেন আন্তর্জাতিক সূচীর কথা মাথায় রেখেই ঘরোয়া সূচীকে সাজানো হয়েছে।
তাছাড়া ক্রিকেট ভক্তরাও যাতে তাদের প্রিয় খেলোয়াড়ের খেলা উপভোগ করতে পারে সেটাও আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী মাসের ৪-২৩ তারিখ পর্যন্ত পাকিস্তান সুপার লীগ অনুষ্ঠিত হবে। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ক্লাস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। ঘরোয়া প্রতিযোগিতায় হোল্ডার বার্বাডোজ প্রাইডকে প্রতিনিধিত্ব করে থাকেন। বাসস।
