পাঁচবারের ফিফা ব্যালন ডি’অর জয়ের রেশ না কাটতেই লিওনেল মেসি এবার একটি দারুণ উপহার পেয়েছেন। ফিফা বর্ষসেরা ফুটবলারের পাঁচটি পদক তো তার শোকেসে রয়েছেই; স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের কাছ থেকে খাঁটি প্লাটিনাম দিয়ে বানানো একটি বুট উপহার পেয়েছেন তিনি। দামী এই পুরস্কারটি দেয়ার পাশাপাশি অ্যাডিডাস মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেও অভিহীত করেছে।
মেসির বর্তমান ১৫ নম্বর বুট অনুকরণে অ্যাডিডাস প্রকৃত প্লাটিনামের নানান উপাদান দিয়ে একটি বুট তৈরী করেছে, এর আগে কোনো ফুটবল বুটে এমনটি দেখা যায়নি। বুটটির পেছনে চারটি স্বর্ণের ডট রয়েছে, এর মাঝে একটি ডট প্লাটিনাম দিয়ে গড়া- যা মেসির রেকর্ড পঞ্চম ব্যালন ডি'অর জয়কে নির্দেশ করে। ডান পায়ের বুটের সোলে ‘সর্বকালের সেরা’ পঙক্তিটি স্প্যানিশ ভাষায় জুড়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে মেসি ও অ্যাডিডাস লোগোটি খোদাই করা হয়েছে খাঁটি প্লাটিনায় দিয়ে। যা দিয়ে বোঝানো হয়েছে মেসি শুধু একজন বিজয়ীই নন, গ্রহের সেরা খেলোয়াড়ও। ডেইলি মেইল।
