শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের চারপাশে লাগানো হয়েছে ৬৪টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
এ ছাড়া স্টেডিয়ামের বাইরেও থাকবে কড়া সতর্কাবস্থা। সবমিলিয়ে স্টেডিয়াম ও স্টেডিয়ামের চারপাশে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।
এদিকে গত মঙ্গলবার সকাল থেকে নগরীর মজিদ সরণীর হোটেল সিটি ইন থেকে শুরু করে শেখ আবু নাসের স্টেডিয়াম পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই হাজার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। এর মধ্যে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিটিএসবি ও র্যাব সদস্য রয়েছে। এছাড়া ক্রিকেট ম্যাচ উপলক্ষে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।
IMG0
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি এসব তথ্য জানান। এদিকে সিরিজটি আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সম্পর্কিত সভা বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
