কম দামে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন ও ট্যাব দিয়ে ভারতের বাজারে নিজেদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। এই অবস্থানকে আরও শক্তপোক্ত করতে প্রতিষ্ঠানটি এবার ক্যানভাস ফ্যান্টাবুলেট নামের একটা স্মার্টফোন এনেছে। একে বিশ্বের বৃহৎ স্মার্টফোন বলে দাবী করছে ভারতীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
ডিভাইসটি কোনো হ্যান্ডসেট বিক্রেতা প্রতিষ্ঠানে পাওয়া যাবে না। এর জন্য ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের সাথে যোগাযোগ করতে হবে।
এই ডিভাইস চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাজারে আনা স্মার্টফোনের সাথে টেক্কা দেবে বলেই মনে করছে মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ।
উন্নত কনফিগারেশনের এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৪৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার ৭২৫ টাকা।
ক্যানভাস মডেলের এই হ্যান্ডসেটে ৬.৯৮ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। এতে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১ গিগাবাইট (জিবি) র্যামের এই ফোনে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি থাকছে।
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে ডুয়াল সিম এবং ডুয়াল সাউন্ড স্পিকারের সুবিধা পাওয়া যাবে।
