দাম কমছে মটোরোলার দুই ফোনের

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৩:২৫

টার্বো সংস্করণের মটো জি ও তৃতীয় প্রজন্মের মটো জি স্মার্টফোনের দাম কমাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিকাশমান স্মার্টফোনের বাজারে ডিভাইস দুটি প্রায় দুই হাজার টাকা করে কমে পাওয়া যাবে।

উন্মোচনকালে মটো টার্বো’র দাম নির্ধারণ করা হয় ১৭ হাজার ৪০০ টাকা, যা এখন ১৫ হাজার ১০০ টাকায় পাওয়া যাবে। আর উন্মোচনের সময় তৃতীয় প্রজন্মের মটো জি’র দাম নির্ধারণ করা হয় ১৩ হাজার ৯০০ টাকা, যা এখন ১১ হাজার ৬০০ টাকায় পাওয়া যাবে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

মটো টার্বো দেখতে অনেকটা মটো এক্সের মত। এর মসৃণ বডিতে লম্বা এক মেটাল স্ট্রিপ রয়েছে। স্ট্রিপের নিচেই রয়েছে মটোরোলার লোগো। এতে মটোরোলার অনন্য ফিচার মটো মেকারও থাকছে, যা দিয়ে নিজের ফোন নিজেই ডিজাইন করে নেওয়া যাবে। অবশ্য এই ফিচারের সুবিধা শুধু আমেরিকা ও ইউরোপের কিছু দেশে পাওয়া যাবে। ফোনটির অন্যতম এক সুবিধা হচ্ছে এর বডি পানি প্রতিরোধক। তাই এটি পানিতে পড়ে গেলেও সমস্যা নেই।

এতে ৫ ইঞ্চি উচ্চতার ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ৭২০*১২৮০ পিক্সেল। ফোনটির সবকিছুই আপগ্রেড করা হয়েছে, তবে ডিসপ্লেটি আপগ্রেড করা হয়নি। এতে ১০৮০ পিক্সেলের বদলে ৭২০ পিক্সেলই রয়েছে।

ফোনটিতে কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের পরিবর্তে স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেমে হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১।

ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ক্যামেরায় আবার এফ২.০ অ্যাপারচার ও অটো-ফোকাস প্রযুক্তি জুড়ে দেয়া হয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ডিভাইসটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডিভাইসটির ২৪৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অস্বাভাবিক রকমের ভালো। ডিভাইসটি লাগাতার চালালেও এর ব্যাটারির চার্জ ফুরাবে না।

অন্যদিকে, তৃতীয় প্রজন্মের মটো জি'তে ২ জিবি র‍্যাম, ৬৪-বিট ১.৪ গিগাহার্জ কোয়ালকাম স্ন্যাপড্রাগন কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনের রেজ্যুলেশন ৭২০*১২৮০ পিক্সেল। অপারেটিং সিস্টেমে হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১।

ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ক্যামেরায় আবার এফ২.০ অ্যাপারচার ও অটো-ফোকাস প্রযুক্তি জুড়ে দেয়া হয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ডিভাইসটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটির ডানপাশে আছে পাওয়ার ও ভলিউম বাড়ানো-কমানোর বাটন। এগুলো মেটালের হওয়ায় বেশ শক্তিশালী।

এ ছাড়া এতে রয়েছে ২ হাজার ৪৭০ এমএএইচ ব্যাটারি। আরও আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি সুবিধা।