ক্রিকেটে টেস্ট ফরম্যাটের কোন বিকল্প নেই। কিন্তু বাধ্য হয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি খেলছে বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও এশিয়া কাপকে সামনে রেখে টি-টোয়েন্টি অনুশীলনটাও প্রয়োজন।
জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজে শুধু টি-টোয়েন্টিই রাখা হয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায়। আগের ভাবনা অনুযায়ী, এই সিরিজে হওয়ার কথা ছিল ৩ টেস্ট। পরে কমিয়ে করা হয়েছিল ২ টেস্ট। সেটিও কমে হয়ে গিয়েছিল এক টেস্ট। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে কোন টেস্টই খেলছে না বাংলাদেশ। এটা নিয়ে ক্রিকেট আঙিনায় আলোচনা-সমালোচনা হয়েছে অনেক।
বাংলাদেশ টেস্ট বেশি খেলতে পারে না বলে হাহাকার ওঠে প্রায়ই, সেখানে নিজেদের ইচ্ছাতে বাদ দেওয়া হলো টেস্ট! বৃহস্পতিবার সিরিজ শুরুর সংবাদ সম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ। মাশরাফি তুলে ধরলেন দুটি দিকই। তিনি বলেন, 'জিম্বাবুয়ের সঙ্গে হয়ত একটি টেস্ট ম্যাচ ছিল। টেস্ট ম্যাচের বিকল্প আসলে টি-টোয়েন্টি কেন, কিছুই হতে পারে না। সেটি আমি বলবও না। তবে এই মুহূর্তে আমরা বাধ্য হচ্ছি টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমনকি এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে।'
বিশ্বের বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশ যদিও এই মুহূর্তে খেলছে সব সংস্করণ মিলিয়েই। তবে এই জায়গাটায় মাশরাফি তুলে ধরলেন সূচির বাস্তবতাও। তিনি কিছুটা ক্ষোভ নিয়েই বলেন, 'এরা সব ধরনের ক্রিকেটই খেলছে; কারণ ওদের সূচি হয়ত ৩ বছর আগেই করা। ওদের সব কিছু চূড়ান্ত থাকে। আমাদের এখানে আমরা তো জানি না ৬ মাস পর কি খেলব!'
এ সময় তিনি বলেন, 'আবারো বলছি, অবশ্যই টেস্ট ম্যাচের বিকল্প নেই। সামগ্রিকভাবে ক্রিকেটের উন্নতি করতে হলে টেস্ট ম্যাচের বিকল্প নেই। কিন্তু আমরা এখন টি-টোয়েন্টি খেলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের কিছু করারও নেই। টি-টোয়েন্টিতে আমরা এখনও তেমন কিছু করতে পারিনি, র্যাঙ্কিংয়ের দিকে তাকালেই সেটা বোঝা যাবে। আফগানিস্তানের চেয়েও পিছিয়ে আছি আমরা, সে দিকেও আমাদের তাকাতে হবে।' বিডি নিউজ।
