বাণিজ্য মেলায় মূল্যহ্রাস

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:১১
এবারের মেলায় প্যাকেজ অফার তুলনামূলক কম। চলছে মুল্যহ্রাসের উৎসব। বেশিরভাগ স্টলেই আছে নির্দিষ্ট কিংবা সকল পণ্যের উপর ১০ শতাংশ মূল্যছাড়।
 
নন ব্র্যান্ডের বৈদ্যুতিক সামগ্রীর স্টলগুলোর বেশিরভাগেই চোখে পড়বে ‘একটা কিনলে ১০টা ফ্রি’। ব্র্যান্ডের মধ্যে সিঙ্গারে চলছে নির্দিষ্ট পণ্যের উপর ৪০ থেকে ৬০ শতাংশ মূল্যছাড়। মিনিস্টারের যে কোনো পণ্যেই উপহার হিসেবে মিলবে শীতের প্রসাধনী। যমুনা ইলেক্ট্রনিক্সের স্টলে টেলিভিশন, ফ্রিজ, ফ্যান কিনলে পাবেন ৫০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। ভিশন ইলেক্টনিক্সে মিলবে ২০ শতাংশ মূল্যছাড়। খাবারের প্রতিষ্ঠানগুলোর স্টলগুলোতে বরাবরের মতো এবারও আছে প্যাকেজ অফার।
 
প্রমি এগ্রোর স্টলে আছে তিনটি প্যাকেজ। ৫০০ টাকার প্যাকেজে পাবেন সাতটি পণ্য, ৭০০ টাকার প্যাকেজে নয়টি পণ্য আর এক হাজার টাকার প্যাকেজে ১১টি পণ্য সঙ্গে আছে বিনামুল্যে মেলামাইনের ট্রে কিংবা মগ।
 
প্রাণ দিচ্ছে প্রায় ২০টি প্যাকেজ। দাম ৫০ টাকা থেকে ৩০০ টাকা। কাজি ফার্ম দিচ্ছে ৩টি প্যাকেজ। দাম ৭৫ থেকে ১৫০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকার পণ্য কিনে কুপনের মাধ্যমে স্যামসাং স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ আছে সিপি ফ্রাইড চিকেনের স্টলে। আর বেগুন-আলুর আচার খেতে ঢুকে পড়তে পারেন খুশবোর স্টলে। হকের আছে তিনটি প্যাকেজ, দাম ১৫০ থেকে ৩০০ টাকা, মিলবে বিভিন্ন ধরনের বিস্কুট, চিপস ইত্যাদি। আহমেদ ফুড প্রোডাক্টসের স্টলে আছে তিনটি প্যাকেজ। আছে আচার, সয়া সস, কর্ণ ফ্লাওয়ার, টমেটো সস, মসলা ইত্যাদি। এসিআই দিচ্ছে ১২টি প্যাকেজ অফার, দাম ৫০ থেকে ২৫০ টাকা। প্লাস্টিকের পণ্য কিনতে আরএফএলয়ের স্টলে ঘুরে আসতে পারেন। চলছে সকল পণ্যে ১০ শতাংশ মূল্যছাড়।
 
‘আখেরি’ অফারে কোট, ব্লেজার, ওয়েস্ট কোট কেনার ঐতিহ্যবাহী স্টলগুলো এবারও ছড়িয়ে আছে মেলার সবদিকেই। কোনো ব্র্যান্ডের পোশাক না হলেও, দেখেশুনে গায়ের মাপ আর কাপড় বুঝে কিনতে পারলে ঠকবেন না।
 
এছাড়াও স্মার্টেক্স দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ইজি দিচ্ছে ৪০ শতাংশ ছাড়। ‘ক্লিয়ারেন্স সেল’চলছে মেগা’র স্টলে, মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। প্রসাধনীর স্টলগুলো মিলবে দুটি কিনলে একটি ফ্রি অফার।
 
পরিচিত ব্র্যান্ডগুলোর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দেশের বাইরে থেকে প্রসাধনী আমদানীকারক প্রতিষ্ঠানগুলোও অংশগ্রহণ করছেন এবারের মেলায়। ফার্মাসি থেকে এক হাজার টাকার পণ্য কিনলে মিলবে কুপন, আছে নিশ্চিত পুরস্কার।
 
আইসক্রিমের স্টলগুলোতে এবার উল্লেখযোগ্য কোনো অফার নেই বললেই চলে। তবে ‘হ্যাপি আওয়ার’অফার দিচ্ছে ইগলু। বিকাল ৪টা থেকে ৬টা আবার ৬টা থেকে রাত ৮টার মধ্যে ইগলুর আইসক্রিম কিনলে মিলবে কুপন। কুপন থেকে প্রতিদিন জিতে নিতে পারবেন সাইকেল, স্মার্টফোন, হেডফোন, স্পিকার কিংবা সেল্ফি স্টিক
 
এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন নতুন পণ্যের দেখা মিলেছে। গতবাঁধা পণ্যের ভিড় আছে ঠিকই, তবে বিভিন্ন দেশের অংশগ্রহণে মেলায় এসেছে অভিনব কিছু পণ্যও।
 
তিনটার পর থেকে মেলায় ভিড় বাড়ে। তবে শুক্রবার মেলায় ঘুরতে গেলে উপচে পড়া ভিড় সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে ভুলবেন না। আর খাবারের হোটেলগুলোতে বসার আগে অবশ্যই দামদর সম্পর্কে নিশ্চিত হতে হবে।
 
দর্শনার্থীদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার। বিভিন্ন স্থানে রয়েছে সিসি ক্যামেরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য ৩০ টাকা,  ছোটদের জন্য ২০ টাকা। এবারের মেলায় মোট স্টল রয়েছে ৫৫৩টি। বাংলাদেশ ছাড়াও রয়েছে ২১টি দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্টল। এদের মধ্যে মরিশাস, ঘানা, জাপান, নেপাল, হংকং, মরক্কো ও ভূটান এবারই প্রথম অংশগ্রহণ করছে মেলায়। এছাড়াও আছে নাগরদোলা, মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, সুন্দরবন ইকোপার্ক ইত্যাদি।