ক্যামেরা সংশ্লিষ্ট পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করে দিতে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্যামেরা ফেস্ট-২০১৬’।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেলার উদ্বোধন করা হয়। রাইট কমিনিকেশনের আয়োজনে ও সিম্ফোনির সহযোগিতায় তিন দিনব্যাপী এই আয়োজন আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।
তিন দিনব্যাপী এ ক্যামেরা মেলায় ১৪টি স্টলে ফুজি, সনি, নিক্কন, ক্যানন ও প্যানটক্স ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরার লেন্স, সিসি টিভি ক্যামেরা ও সকল ক্যামেরার প্রয়োজনীয় এক্সসরিজ বিক্রি এবং প্রর্দশনী হবে। এ ছাড়া ক্যামেরা এক্সেসরিজ ডিলার, মডেলিং হাউজসহ ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাইট কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুষার বলেন, ক্যামেরা তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমে ব্যবহৃত অন্যতম অপরিহার্য যন্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরার চাহিদা বেড়েই চলেছে। তাই ক্যামেরা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের সঙ্গে সকলকে পরিচয় করে দিতেই এ আয়োজন করা হয়েছে। যেহেতু এটা আমাদের প্রথম আয়োজন তাই অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে। আশা করি, আগামী বছর থেকে আরো বড় পরিসরে আয়োজন করতে পারব
ইংরেজি মাসিক ম্যাগাজিন আইস টুডের ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদুল রশিদ বলেন, ক্যামেরা একটি মেশিন। এই মেশিন বিষয়ে জানতে হয় ভাল করে। ক্যামেরা ব্যবহার করতে গিয়ে সবাই নানা সমস্যার মুখোমুখি হন। বিক্রেতা ও ক্রেতাদের ক্যামেরা বিষয়ে সচেতনতা দরকার। এই আয়োজন সকলকে ক্যামেরা বিষয়ে জানতে সাহায্য করবে।
মেলায় বিক্রয় ও প্রদর্শনী ছাড়াও থাকছে বিনোদনের ব্যবস্থা। সেলফি কন্টেস্ট ও ফ্রি প্রোফাইল ছবি তোলা ছাড়াও থাকবে ক্যামেরা টক সেশন। যেখানে ৫০ অংশগ্রহণকারী ক্যামেরা নিয়ে কথা বলবেন। মেলা প্রাঙ্গণেই ক্যামেরা টকশোতে আগ্রহী অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
