জিম্বাবুয়ের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫৮ রানের মাথায় বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। ব্যক্তিগত ২৯ রানে ক্রেমারের বলে সিবান্দার হাতে ক্যাচ দিয়েছেন তামিম ইকবাল। এর আগে ব্যক্তিগত ৭ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। সাব্বির রহমানের সঙ্গে যোগ দিয়েছেন শুভাগত হোম।
এর আগে শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ইনিংসের নিজের রেকর্ড স্পর্শ করেন হ্যামিল্টন মাসাকাদজা।
শতরানের উদ্বোধনী জুটির পর অবশ্য আরো বড় স্কোরের হাতছানি ছিল জিম্বাবুয়ের সামনে। কিন্তু শেষ দিকে বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে কিছুটা ফিরে আসে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পারে জিম্বাবুয়ে। শেষ দুই ওভারে জোড়া উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
শেষে পথ হারানোর আগে জিম্বাবুয়েকে বড় স্কোরের পথে রেখেছিলেন মাসাকাদজা।
ইনিংসের তৃতীয় ওভারেই মাশরাফিকে তিনটি চার মেরে ইঙ্গিতটা দিয়েছিলেন মাসাকাদজা। সময় যত গড়িয়েছে, ততই ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। আরেক প্রান্তে দলে ফেরা ভুসি সিবান্দাও দারুণ সঙ্গ দিয়েছেন মাসাকাদজাকে। দুজনে গড়েন রেকর্ড ১০১ রানের জুটি। জিম্বাবুয়ে হয়ে এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ওপেনিং জুটি। আগের সেরা ছিল গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে চামু চিবাবা ও সিকান্দার রাজার ১০০। লং অনে সৌম্য সরকারের ক্যাচ মিসে ছক্কা হজম করার পরের বলেই সিবান্দাকে (৩৯ বলে ৪৬) ফিরিয়ে এই জুটি ভেঙেছেন সাকিব।
৪৪ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম কিপিং করছেন না মুশফিকুর রহিম। তবে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের কাছে বড় রানের দাবি থাকবে দলের।
