স্মার্টফোনের বাজারে দখল বাড়াতে জেনফোন নিয়েই যত দৌড়ঝাঁপ আসুসের। অথচ এবার আর জেনফোন নয়, ‘আসুস লাইভ’ নামের নতুন এক ফোন উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি। বর্তমানে ডিভাইসটি ব্রাজিলের বাজারে পাওয়া যাচ্ছে।
কম বাজেটের স্মার্টফোনের বাজার ধরতে নতুন স্মার্টফোনটি এনেছে আসুস। মূলত বিশ্বের বিকাশমান হ্যান্ডসেট বাজারকে টার্গেট করে এই ডিভাইস আনা হয়েছে। তবে ব্রাজিল ছাড়া অন্যান্য দেশের বাজারে কবে নাগাদ স্মার্টফোনটি ছাড়া হবে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
আসুস লাইভের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫০০ টাকা। সূত্র- এনডিটিভি।
আসুস লাইভে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ৭২০–১২৮০ পিক্সেল। এতে প্রসেসর হিসেবে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৫৮০ এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
২০৭০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির এই ফোন কানেক্টিভিটির দিক থেকে টুজি, থ্রিজি ও ফোরজি, ব্লুটুথ, ওয়াই-ফাই, এফএম রেডিও, ইউএসবি ২.০ এবং জিপিএস সংযোগ সমর্থন করবে।
