ধর্মদ্রোহিতার অপরাধ করেছে এমন বিশ্বাসের কারণে পাকিস্তানের ১৫ বছর বয়সী এক কিশোর নিজের হাত নিজেই কেটে ফেলেছে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ১২৫ কিলোমিটার দূরে হুজরা শাহ মুকিম জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান নওশের আহমেদ জানান, গ্রামের মসজিদের ইমাম একটি জমায়েতে মুসল্লিদের উদ্দেশে বলেন, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসে তারা সবসময় নামাজ আদায় করে। এরপর তিনি জানতে চান কে কে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। এসময় ইমামের প্রশ্নটি ভালো করে না শুনেই হাত তোলে আনোয়ার।
তাকে হাত তুলতে দেখে সমবেত মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে ধর্মদ্রোহী হিসাবে অভিযুক্ত করে। পরে আনোয়ার তার বাড়িতে চলে যায় এবং সে যে হাতটি তুলে ধরেছিলো সেটি কেটে ফেলে। ওই কাটা হাতটি একটি পাত্রে করে সেটি মসজিদের ইমামকে উপহার দেয় সে।
পুলিশ প্রধান বলেন, তিনি একটি ভিডিও দেখেছেন যেখানে গ্রামের রাস্তায় মানুষ আনোয়ারকে অভিনন্দন জানাচ্ছিল। তার বাবা-মা বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করছেন।
তবে এ ব্যাপারে পুলিশের কাছে কোন অভিযোগ আসেনি। কোন রেকর্ড না থাকায় বিষয়টি নিয়ে কোনো তদন্তও হচ্ছে না তাই।
