শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের চার গোলের মধ্যে তিন গোল করিয়ে নিজেও একটা করেছিলেন উইংগার জাহিদ হোসেন। ভাল ফুটবল খেলেন বলে অনেকেই জাহিদের অপরাধ এড়িয়ে যান। কিন্তু এবার আর সেটা হচ্ছে না। শৃংখলা ভঙ্গের কারণে তাকে শাস্তি পেতেই হচ্ছে।
জাতীয় ফুটবল দলের দলনেতা আজমল আহমেদ তপন বলেন, গুরুতর শৃংখলা ভঙ্গের অপরাধে জাহিদকে ক্যাম্প থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি বলেন,‘টিম ম্যানেজম্যান্ট, কোচ, বাফুফের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উচ্ছৃংখল জাহিদের অপরাধ নতুন কিছু নয়। অনেকবারই আলোচনার টেবিলে উঠে এসেছিল। কিন্তু তার ক্যারিয়ারের স্বার্থে সব কিছু রাখঢাক করা হতো। এবার হাতেনাতে ধরা পড়েছেন তিনি। জাতীয় দলের ক্যাম্প হোটেলে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে তাকে। মতিঝিল বিমান অফিসের সামনে একটি হোটেলে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। বাফুফে সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের পর রাতে হোটেল রুমে মাতলামি করেছেন। জাহিদের সাথে অপ্রস্তুত অবস্থায় নারীর উপস্থিতি মিলেছে।
বিষয়টা জানাজানি হয়ে গেলে টিম ম্যানেজম্যান্ট জাহিদকে অনুশীলন থেকে সরিয়ে দেয়। একসাথে খাওয়া দাওয়া, টিম মিটিং কোথাও জাহিদকে রাখা হয়নি। গতকাল বাফুফে জানিয়েছে, জাহিদকে ক্যাম্প থেকে বহিষ্কার করা হয়েছে। তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত হয়নি। কারণ এখন জাতীয় দলের খেলা চলছে।
