স্যামসাংয়ের পরবর্তী মেগা ফোনে অ্যাপলের ফিচার!

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৫:৪৯

অ্যাপলকে টপকে শীর্ষস্থানে ফিরতে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠেয় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৬’তে দুই সংস্করণের গ্যালাক্সি এস৭ বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ডিভাইসটির নানান তথ্য ফাঁস হচ্ছে অনলাইনে। যদিও এসব নিয়ে মুখে কুলূপ এঁটে রেখেছে স্যামসাং।

প্রযুক্তিবিশ্বে জোর গুঞ্জন, ফিচারের দিক থেকে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ হবে অনেকটা আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাসের মতো। নির্ভরযোগ্য সূত্রে ফাঁস করা তথ্য বিশ্লেষণ করে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্যা ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজে কি কি ফিচার থাকতে পারে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজে আইফোন ৬এস সিরিজের মতো থ্রিডি-টাচ ডিসপ্লে জুড়ে দেয়া হবে। আইফোনের জনপ্রিয় ফিচার লাইভ ফটোসও থাকবে স্যামসাংয়ের দুই ফ্ল্যাগশিপে।

গ্যালাক্সি সিরিজের এই দুই মেগা ফোনে গুগলের নেক্সাস সিরিজের সর্বশেষ হ্যান্ডসেট দুটির মতো টাইপ-সি ইউএসবি চার্জিং প্রযুক্তি থাকবে। এছাড়া স্যামসাংয়ের এই ডিভাইস দুটির ডিজাইন কিছুটা আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাসের মতো হবে!

IMG0

স্যাম মোবাইলের মতে, গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজের আকারও আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাসের কাছাকাছি থাকবে। এর মধ্যে গ্যালাক্সি এস৭ –এ ৫ দশমিক ১ ও গ্যালাক্সি এস৭ এজে ৫ দশমিক ৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।

সর্বশেষ ফাঁস হওয়া তথ্যে দাবি করা হচ্ছে, গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজে স্যামসাংয়ের তৈরি প্রসেসর এক্সিনোজ ৮ অক্টা ৮৮৯০ ব্যবহার করা হবে। ডিভাইস দু’টিতে ৪ গিগাবাইট র্যািম থাকবে। তবে গ্যালাক্সি এস৭ -এ ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং গ্যালাক্সি এস৭ এজে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজে বাজারে আসবে।

ভেঞ্চারবিটের বরাত দিয়ে সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, গ্যালাক্সি এস৭ এর দু’টি সংস্করণে মাইক্রোএসডি কার্ড দিয়ে ২০০ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানোর সুযোগ থাকবে। এই সুবিধা গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজে ছিলো না।
 
সূত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন দু’টি হবে ধুলোবালি ও পানিরোধী। ডিভাইস দু’টিতে 'আইপি৬৭ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশনস' ব্যবহার করা হবে।
 
ভেঞ্চারবিটের মতে, স্যামসাং স্মার্টফোনের ব্যাটারি নিয়ে গ্রাহক অসন্তুষ্টি রয়েছে। এই দুর্নাম ঘুচানোর জন্য এবার গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজে যথাক্রমে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ও ৩৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি যোগ করতে চাইছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৭ এজে যথাক্রমে ২৫৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ও ২৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়।

গুঞ্জন আছে, গ্যালাক্সি এস৭ এর দু’টি সংস্করণেই ভিডিও করা ও ছবি তোলার জন্য এফ/১.৭ লেন্স অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হবে। তবে কিছু গুজবে দাবি করা হচ্ছে, ফ্ল্যাগশিপ ফোন দু’টিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে।