জকোভিচও পেয়েছিলেন ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব!

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১০:৩৮
টেনিস ক্যারিয়ার শুরুর দিকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন নোভাক জকোভিচ। তবে বর্তমানে এটিপি র‌্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় জানিয়েছেন ২০০৭ সালে পাওয়া ১ লক্ষ ১০ হাজার পাউন্ডের সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন তিনি।
 
অভিজাতদের খেলা হিসেবে পরিচিত টেনিসে ম্যাচ ফিক্সিং ও জুয়ার অভিযোগে টালমাটাল। বিবিসি ও বাজফিড জানিয়েছে তাদের কাছে প্রমাণ আছে গত দশকে শীর্ষ পঞ্চাশে থাকা অন্তত ১৮ জন খেলোয়াড় অর্থের বিনিময়ে ম্যাচ হেরেছেন। আর বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন শুরুর দিনেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় হতবাক গ্র্যান্ড স্ল্যাম আয়োজক থেকে টেনিস তারকারা। আর, তারই মধ্যে নতুন বোমা ফাটালেন জকোভিচ৷ ক্যারিয়ারের শুরুতে তাঁর কাছে এসেছিল ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, চাঞ্চল্যকর দাবি নোভাক জকোভিচের। সময়টা ছিল ২০০৭ সাল৷ জকো জানিয়েছেন, আমায় সরাসরি কেউ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়নি। ওই সময় আমাদের সঙ্গে যাঁরা কাজ করতেন, প্রস্তাব এসেছিল তাঁদের কয়েকজনের মাধ্যমেই। 
 
২০০৭-এ সেন্ট পিটার্সবার্গে একটি টুর্নামেন্টের প্রথম রাউন্ড ম্যাচ হেরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রায় ১ লক্ষ ১০ হাজার পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু, আমি সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করি৷ তবে, গত ৬-৭ বছরে এমন কিছু আর ঘটতে শোনেননি বলে জানিয়েছেন সার্বিয়ান টেনিস নক্ষত্র। টেনিসের সর্বোচ্চ স্তরে এমন বিস্ফোরক অভিযোগের কথা আগে শোনা যায়নি। কিন্তু, ৯ বছর আগে এমন ষড়যন্ত্রের কথা জানতে পেরেও কেন চুপ ছিলেন জকোভিচের মত তারকা? কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি সেকথা? প্রশ্ন টেনিসবিশ্বে। ডেইলি মেইল।