ফরিদপুরের স্কুলে দুইদিনে গণ হিস্টিরিয়ায় ৫৬ ছাত্রী আক্রান্ত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:১৪
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমিতে দ্বিতীয় দিন মঙ্গলবার অসুস্থ আরো ৩৩ ছাত্রীকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এনিয়ে ওই বিদ্যালয়ের মাস হিস্টোরিয়ায় আক্রান্ত মোট ৫৬ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হল।
 
এর আগে সোমবার ২০ ছাত্রী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। তবে তাদের করো অবস্থা আশংকাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে এ ঘটনায় বিদ্যালয়টিতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে অ্যাসেম্বিলি শুরু হলে সুমাইয়া আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর সামান্য সময়ের ব্যবধানে আরো ৩৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।
 
অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজন জানায়, স্কুলে প্রবেশের পর থেকেই হালকা শ্বাসকষ্ট হচ্ছিল। পরে হঠাৎ করে তা আরো বেড়ে গেলেই অজ্ঞান হয়ে পড়েন।
 
এর আগে সোমবার বিকেলে ওই বিদ্যালয়ের ২০ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় শিক্ষকরা।
 
অসুস্থ শিক্ষার্থীরা বলেছে, স্কুলে টিফিন না নেয়ায় পাশের দোকান থেকে তারা সিঙ্গারা কিনে খায়। টিফিনের পরে ক্লাস শুরু হলে একের পর এক তারা অসুস্থ হয়ে যায়। ওই বিষয়টিকে চিকিৎসকরা খাদ্যে বিষক্রিয়া বললেও এর একদিন পর ঘটনার পুনরাবৃত্তি হলে বিষয়টিকে গণ হিস্টিরিয়া রোগ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ইউসুফ আলী বলেন, ‘এটাকে মাস হিস্টোরিয়া বলা হয়। এতে সাধারণত ছাত্রীরাই বেশি আক্রান্ত হন। তবে এতে ভয়ের কিছু নেই। খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে উঠবে। যারা হাসপাতালে ভর্তি রয়েছে তারা সবাই আশংকামুক্ত।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা করেন।