পেশোয়ার হামলা নিয়ে তৈরি ভিডিও গেম প্রত্যাহার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৩
 
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের হত্যাযজ্ঞ নিয়ে তৈরি একটি ভিডিও গেম গুগল প্লে স্টোর থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। পাঞ্জাবের প্রাদেশিক সরকারের একটি সংস্থা ‘পাকিস্তান সেনাবাহিনীর বদলা’ নামের এই গেমটি ছেড়েছিল। অ্যানড্রয়েড ফোনের জন্য তৈরি গেমটি নিয়ে ব্যপক সমালোচনা সৃষ্টি হয়েছিল দেশটিতে।  
 
গেমটিতে ব্যবহারকারীরা সৈনিক হিসেবে হামলাকারীদের গুলি করতে পারতেন। সংস্থাটি নিজেদের ভুল স্বীকার করে গেমটি প্রত্যাহার করে নিয়েছে।
 
২০১৪ সালে ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে সাত জন তালেবান জঙ্গির হামলায় ১৫২ জন নিহত হন। এদের মধ্যে ১৩৩ জনই স্কুল ছাত্র। হামলায় আহত হন ১২০ জনেরও বেশি। 
 
ওই ভয়াবহ ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। হামলার দ্বিতীয় বার্ষিকী কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে গুগল প্লে সার্ভিসে গেমটি ছাড়া হয়েছিল। সূত্র: বিবিসি