কুমিল্লায় এক বছরে ৮৭ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ২৫৮

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২০:১৬
কুমিল্লায় গত এক বছরে সাড়ে ৮৭ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৫৮ জনকে।
 
মঙ্গলবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কর্তৃক আয়োজিত ‘সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশুপাচার ও মাদক প্রতিরোধ’বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার প্রধান অতিথি ছিলেন।  
 
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জানানো হয়, কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার কারণে ২০১৫ সালে বিএসএফ ও ভারতীয় পুলিশ ২৪ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে এবং ভারতীয় জনসাধারণের গণপিটুনিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ৩৯ বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি আটক করে। গত এক বছরে জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার ৮৫৫ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দসহ ২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।