গাংনীতে বোমা হামলায় রাজমিস্ত্রী আহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ০৯:২৩
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য  শুকুর মীরের ওপর আবারো বোমা হামলা করেছে দূর্বৃত্তরা। এতে মীর শুকুর আলী প্রাণে বাঁচলেও মারাত্বক আহত হয়েছেন তার সঙ্গী একই গ্রামের রাজমিস্ত্রী লিখন মিয়া (২০)। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শুকুর মীরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় গ্রামের মোড়ের মুদি দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিলেন শুকুর মীর। তার সঙ্গে ছিলেন লিখন ও জাব্বারুল নামের দুজন। তিনি প্রধান ফটক দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই ফটকের সামনে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আহত হন লিখন মিয়া। শুকুর মীর ও তার অন্য সঙ্গী বেঁচে যান। রাতেই লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ইন্সপেক্টর (ওসি-তদন্ত) বলেন, 'হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।'
 
এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত শুকুর মীরের ওপর কয়েক দফা বোমা হামলা হয়েছিল।