জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট কুখ্যাত জিহাদি জন এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের মুখপাত্র দাবিক ম্যাগাজিনে। এর আগে গত নভেম্বরে দ্রোন হামলায় সিরিয়ার রাকায় এই ব্রিটিশ নাগরিক নিহত হয়েছিল বলে দাবি করেছিল মার্কিন সেনাবাহিনী।
মোহাম্মদ এমওয়াজি নামের এই জঙ্গিকে আইএস এর শিরশ্ছেদ ভিডিওতে নিয়মিত দেখা যেত। আইএস এর ম্যাগাজিনে প্রকাশিত তার জন্য শোকবার্তায় বলা হয়, গত ১২ নভেম্বর দ্রোন হামলায় নিজের গাড়িসহ বিধ্বস্ত হয়ে জিহাদি জন মারা যান। জিহাদি জনকে আবু মুহারিব আল মুহাজির হিসেবে উল্লেখ করে তাকে ‘সম্মানিত ভ্রাতা’ হিসেবে উল্লেখ করা হয়।
এমওয়াজিতে প্রথম ২০১৪ সালে আইএস কর্তৃক আমেরিকান সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদের ভিডিওতে দেখা যায়। কাতারি বংশোদ্ভুত এই ব্রিটিশ নাগরিক ব্যক্তিগত জীবনে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে স্নাতক করেছেন। এরপরে মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, হাইন্স হেনিং, মার্কিন দাতব্য সংস্থার কর্মী আবদুল রহমান কাসিগ ও জাপানি সাংবাদিক কেনজি গোতোর শিরশ্ছেদ ভিডিওতে তাকে দেখা যায়। এরপরে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার শীর্ষ লক্ষ্যে পরিণত হন তিনি। তবে আইএস এর কোনো সামরিক ভূমিকায় ছিলেন না এমওয়াজি। বিবিসি।
