কক্সবাজারের রামুতে অপহরণের তিনদিন পর দুইভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গর্জনিয়া এলাকার বড়বিল থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলো- গর্জনিয়ার বড়বিল এলাকার মো. ফোরকানের দুই ছেলে কাজল (১০) ও শাকিল (৮)।
জানা গেছে, নিহত মোহাম্মদ হাসান পলাশ বাইশারী শাহ নুরুদ্দিন মাদরাসার তৃতীয় শ্রেণির এবং মোহাম্মদ হোছাইন কাজল বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানিয়েছেন, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
গত ১৭ জানুয়ারি বিকালে বাড়ির পাশে খেলা করার সময় শাকিল ও কাজলকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীররা শিশুদের অভিভাবকদের মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলো। অপহরণের পর থেকে দুদিন পুলিশ ও স্থানীয় জনতা রামুর বড়বিল, থিমছড়ি, বাইশারী, ঈদগড় সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।
