দিল্লিতে চলতি বছর ৪০জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। নগর সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর আমরা শহরের বিভিন্ন অংশে বসবাসকারী ৪০জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী পেয়েছি। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। তবে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, বায়ুবাহিত এই রোগে এখনো পর্যন্ত কেউ মারা যাননি। ২০১৫ সালে ভারতের রাজধানী দিল্লিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন ৪০০০ মানুষ। এদের মধ্যে ১২জন মারা যান। গেল বছর ভারতজুড়ে ৩৩ হাজার মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১,৯৯৪ জন।
সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস। ২০০৯ সালে প্রথম মেক্সিকোয় এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে দ্রুতই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গসমূহ অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের মতই। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুদামন্দা ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া অন্যতম। রয়টার্স।
