তিন সপ্তাহ মাঠের বাইরে বেল

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:৩৯
কাফ ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল। ক্লাব সূত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। 
 
গত দুই বছর ধরে এই একই ধরনের ইনজুরির কারণে ক্যারিয়ার বশে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলের। সেখান থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়েই মূলত এবারের মৌসুমে নতুন করে মাঠে নেমেছিলেন। কিন্তু গত রোববার গিজনের বিপক্ষে রিয়ালের ৫-১ গোলের জয়ের ম্যাচটিতে গোল করলেও নতুন করে ইনজুরি সমস্যায় আক্রান্ত হন। এই নিয়ে আট ম্যাচে এটি ছিল বেলের ১১তম গোল। 
 
মঙ্গলবার মাদ্রিদের স্থানীয় একটি হাসপাতালে করা স্ক্যান রিপোর্টের ফলাফলে দেখা গেছে ডান পায়ের পেশীতে সমস্যা রয়েছে। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২৬ বছর বয়সী এই উইঙ্গার একই পেশীতে পাঁচবার ইনজুরিতে পড়েছেন। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে প্রথম দিকে বেলের সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হলেও স্প্যানিশ গণমাধ্যম প্রথম প্রকাশ করে যে অন্তত তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। 
 
এই সময়ে মধ্যে বেল রিয়াল বেটিস, এস্পানিওল ও গ্রানাডার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু ১৩ ফেব্রুয়ারি এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচে ও ১৭ ফেব্রুয়ারি রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে বলে ক্লাব সূত্র ইঙ্গিত দিয়েছে। বাসস।