অনলাইনে আমদানি-রফতানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার তিন দিন ধরে বিকল থাকায় বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারাসহ চরম ভোগান্তিতে পড়েছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।
সোমবার সকাল ৯টা থেকে বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সার্ভার বিকল রয়েছে। মাঝে মধ্যে কিছুটা সচল হলেও কোনো কাজ করা যাচ্ছে না। রফতানির কিছু কাজ হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। তিন শতাধিক বিল অব এন্ট্রি এখনো এন্ট্রি করা যায়নি। শত শত বাংলাদেশি ট্রাক পণ্য লোড করে বন্দরের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে পচনশীল পণ্যসহ রফতানি মূখী শিল্প প্রতিষ্ঠানের কাচাঁমাল রয়েছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে গোটা বেনাপোল কাস্টম ও বন্দরের কার্যক্রম। তবে ভারত থেকে আমদানি-রফতানি সচল রয়েছে। অনলাইনে আমদানি-রফতানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও রাজস্ব বৃদ্ধির লক্ষে ২০১৪ সালের ৩০ নভেম্বর থেকে বেনাপোল কাস্টম হাউসে অত্যাধুনিক প্রযুক্তির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু করে এনবিআর। কিন্তু ঘন ঘন সার্ভার বিকল হওয়ায় সময় মতো পণ্য ডেলিভারি নিতে না পারায় একদিকে আমদানি কারকদের লোকসান হচ্ছে, অন্যদিকে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আহরণেও বিঘ্নিত হচ্ছে।
বেনাপোল কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, তিন দিন ধরে সিঅ্যান্ডএফ এজেন্টরা কোনো কাজ করতে পারছে না। দু‘একটি কাজ হলেও তাতে কোনো উপকার হচ্ছে না। সার্ভারের সমস্যার কারণে অনলাইনে আমদানি পণ্যের আইজিএম দাখিল ও এসেসমেন্ট নোটিশ পেতে প্রায় দু‘শতাধিক বিল অব এন্ট্রি দাখিল করা হলেও ১০-১২টি 'বিল অব এন্ট্রি' এন্ট্রি করা গেছে সারাদিনে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। যথাসময়ে শুল্কায়ন করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাস নিতে পারেনি অনেকে।
এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার এএফএম আব্দুল্লাহ সত্যতা স্বীকার করে জানান, সব কাস্টমস হাউজে একই অবস্থা বিরাজ করছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করা হয়েছে। বিকালের দিকে বিকল্প ব্যবস্থায় কাজ করার জন্য এসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে তিনি জানান।
