ভর্তি ফিসহ নানা খাতে নেয়া বর্ধিত ফি আগামী ১০ দিনের মধ্যে ফেরত দিতে চট্টগ্রাম নগরীর বেসরকারি স্কুলগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বন্দর নগরীর স্কুলগুলোতে ভর্তিতে বাড়তি ফি নেয়ার অভিযোগ তুলে অভিভাবকদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বুধবার বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে এক সভায় এ নির্দেশ দেন তিনি।
মেজবাহ উদ্দিন বলেন, নগরীর ১৫টি বেসরকারি স্কুল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪৬টি স্কুল ভর্তি ফি ও মাসিক বেতনসহ নানা খাতে বর্ধিত ফি আদায় করছে বলে জেলা প্রশাসন অভিযোগ পেয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নির্দেশ না মেনে অতিরিক্তি ফি নিচ্ছে, তাদের এমপিও বাতিলের জন্য জেলা প্রশাসন সুপারিশ করবে বলে হুঁশিয়ার করেন তিনি।
তিনি বলেন, নানা খাতে টাকা আদায় করলেও সেটা স্কুলের অবকাঠামো ও পড়াশুনার মান উন্নয়নে ব্যয় হয় না।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) দৌলতুজ্জামান খান বলেন, পুনঃভর্তির জন্য নেয়া ফি অবৈধ। এ ধরনের ফি নেয়ার কোনো বিধান নেই।
