খান একাডেমির কনটেন্ট আসছে বাংলায়

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২০:০৯
খান একাডেমির সালমান খানের অনলাইনভিত্তিক যাবতীয় কনটেন্ট এখন থেকে বাংলায় পাওয়া যাবে। বাংলা করার কাজটি করছে দেশের আগামী ফাউন্ডেশন।
 
বাংলাদেশে খান একাডেমির কনটেন্ট স্থানীকরণের লক্ষ্যে মঙ্গলবার আগামীর সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। খান একাডেমি বাংলা ওয়েবসাইটটি চলতি বছর চালু করার লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাসে গ্রামীণফোনের সহায়তায় আগামী এই উদ্যোগটি গ্রহণ করে।
 
স্মারক সাক্ষর  অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আগামী এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস নাফিসা খানম, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম-সহ আরও অনেকে।
 
উদ্যোগটি গ্রহণের পর থেকে বিগত গত ছয় মাসে ওয়েবসাইটটি স্থানীয়করণের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। সাইটটি শিগগিরিই চালু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। খান একাডেমি বাংলা- এর কনটেন্ট আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশের সব প্রান্তের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
 
খান একাডেমি (www.khanacademy.org) একটি অলাভজনক প্রতিষ্ঠান যেটি সালমান খান ২০০৬ সালে সারাবিশ্বে সবার জন্য বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে চালু করেন। সব বয়সের শিক্ষার্থীর জন্য খান একাডেমি বিনামূল্যে বিভিন্ন অনলাইন শিক্ষা উপকরণ, শিখন সামগ্রী এবং স্বশিক্ষা সহায়ক উপকরণ প্রদান করে থাকে। শ্রেণিকক্ষের অভ্যন্তরে এবং বাইরে সব শিক্ষার্থী যেন তাদের নিজস্ব গতিতে শিখতে পারে সে লক্ষ্যে খান একাডেমি ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক চর্চামূলক অনুশীলনী, নির্দেশনামূলক ভিডিও, ব্যক্তিগত ড্যাশবোর্ড এবং শিক্ষক সহায়িকা।
 
আগামী একটি অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ২০০৩ সালে আগামী প্রতিষ্ঠিত হয় যার বাংলাদেশে অবস্থিত অঙ্গসংগঠন হল আগামী এডুকেশন ফাউন্ডেশন।