জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আহত মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহাজেন কলোনীর কাশেম আলীর ছেলে আয়নাল হোসেন রানা (৩০)। আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন- এএসআই রতন ও কনষ্টবল আলমাস। ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা ও একটি ভটভটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আয়নালকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে পাঁচবিবি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আয়নাল হোসেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাদক মামলার চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। পাঁচবিবি থানার ৫টি মাদক মামলার আসামি বলে ওসি আশরাফুল ইসলাম ইত্তেফাককে জানান।
