কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও বিদেশি মদসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ সময় ইয়াবা পাচারকারী এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটক মিয়ানমার নাগরিক নুর মোহাম্মদ (৪০) আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে টেকনাফের জাদিমুড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই মিয়ানমার নাগরিককে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। এসব ইয়ার মূল্য ৩০ লাখ টাকা।
অপরদিকে ভোর রাতে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ বদর মোকাম এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ হাজার পিস ইয়াবা ও ৫০ হাজার মিটার ক্যারেন্টজালসহ একটি ফিশিং ট্রলার জব্দ করে। এ সময় ফিশিং ট্রলার থেকে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ট্রলার, ক্যারেন্টজাল ও ইয়াবার মূল্য ৭৭ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া বিকেল তিনটার দিকে সেন্ট মার্টিন দ্বীপে অভিযান চালিয়ে কোস্ট গার্ড ২১৪ বোতল কার্ন্টি ড্রাইজিন, ২০৭ বোতল মানডেলা রাম মদ, ২৪২ ক্যান বিয়ার জব্দ করে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. ডিকসন চৌধুরী জানান, জব্দকৃত ইয়াবা ও বিদেশি মদের বোতলগুলো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে। এবং ক্যারেন্টজালসহ ট্রলারটি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
